২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকোর ঋণ কেলেংকারীর তদন্ত ও শ্বেতপত্র প্রকাশে বাংলাদেশ ব্যাংক গভর্ণরের প্রতি নাজমুল হুদার দাবি

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া বেক্সিমকো গ্রুপের ২৬০০ কোটি টাকা ঋণ কেলেংকারীর অভিযোগ তদন্ত সাপেক্ষে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের জন্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি দাবি জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

যোগাযোগমন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আর্থিক শৃংখলা ভঙ্গ, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রয়াত্ত, বানিজ্যিক, বিশেষায়িত, বেসরকারি ও বিদেশী ব্যাংকসহ কুড়িটি আর্থিক প্রতিষ্ঠান থেকে দুই হাজার ছয়শত কোটি টাকার ঋণের বিপরীতে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পদের কোনো সুস্পষ্ট বিবরণ নেই।

মন্ত্রী বলেন, এ সকল ঋণের মধ্যে ৪২৫ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যর্থতা, গাফিলতি এবং আইন অনুযায়ী অর্থঋণ আদালতে মামলা না করেই বেক্সিমকো গ্রুপের ২৬টি প্রতিষ্ঠানের ১১৮টি ঋণ হিসাবের ৫৯ কোটি ৪৫ লাখ টাকা অবলোপন করায় ব্যাংকিং খাতে জনগনের বিরাট অংকের আমানত ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে।

যোগাযোগমন্ত্রী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা দেশের বৃহৎ এই ঋণ খেলাপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনস্বার্থে অভিযোগ সমূহের পূর্নাঙ্গ তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি জানান।