২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘দাড়িপাল্লা’ বরাদ্দের বিরুদ্ধে হাইকোর্টে রিট

‘দাড়িপাল্লা’ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মনোগ্রাম হওয়ায় একটি বিশেষ রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা’ বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রিট আবেদনের শুনানি শেষে বুধবার মামলার রায়ের দিন ধার্য করেছেন।

সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, অ্যাডভোকেট এসএম ফজলুল হক, অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেটে শামসুল আলম এবং অ্যাডভোকেট মোস্তফা জামান ইসলাম জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনকারীদের কৌসুলি অ্যাডভোকেট মনজিল মুরশিদ আদালতকে জানান, ১৯৪৭ সালে ঢাকায় পূর্ব পাকিস্তান হাইকোর্ট প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনোগ্রাম হিসেবে ‘দাড়িপাল্লা’ প্রতীক ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, ‘দাড়িপাল্লাকে’ ন্যায়বিচারের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। ঢাকায় তৎকালীন হাইকোর্টের প্রতিষ্ঠা লাভের পর থেকে দেশের জনগণ ‘দাড়িপাল্লাকে’ ন্যায়বিচারের প্রতীক হিসেবে মনে করে আসছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো এখতিয়ার ছাড়াই বরাদ্দের জন্যে প্রতীকের তালিকায় দাড়িপাল্লা অন্তর্ভুক্ত করে।

রিট আবেদনকারীরা আদালতকে জানান, সুপ্রিম কোর্টের অফিসিয়াল প্যাড, বিচারকদের প্রতিটি চেয়ার, সুপ্রিম কোর্টের দিনপঞ্জিকা ও সকল প্রকাশনায় ‘দাড়িপাল্লা’ প্রতীক ব্যবহার করা হয়।

তারা বলেন, তাছাড়া ‘দাড়িপাল্লা’ প্রতীক সুপ্রিম কোর্টের বিচারকদের গাড়ির পতাকায় ব্যবহার করা থাকে। আর এ কারণে অন্য কেউ এটি ব্যবহার করলে তাতে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। আর এর ফলে সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনের তৈরিকৃত গেজেট প্রজ্ঞাপনে ‘দাড়িপাল্লা’ প্রতীকের অন্তর্ভুক্তি সুপ্রিম কোর্টের জন্যে মর্যাদা হানিকর ও এর আইনগত কোনো ভিত্তি নেই।