ঝিনাইদহে গণপিটুনিতে ডাকাত নিহত
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে সোমবার ভোরে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর ডাকাতসহ দুইজন আহত হয়েছে।
নিহত ডাকাতের পরিচয় তাৎক্ষণিতভাবে পাওয়া যায়নি। আহত ডাকাত হচ্ছে পাতবিলি গ্রামের রাসেল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালপুর গ্রামে বিধান কুমারের বাড়িতে সোমবার ভোরে ছয় জনের একদল ডাকাত নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ দামি সামগ্রী ডাকাতি করে পার্শ্ববর্তী আরও তিন বাড়িতে হানা দেয়।
বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের মানুষ এসে ডাকাতদের ধরে ফেলে। এসময় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও একজন আহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতের ছোঁড়া একটি বোমার আঘাতে ভীম নামে একজন গ্রামবাসী আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি হাত বোমা উদ্ধার করেছে।
