২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যুনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়ে মে দিবস পালিত

পৃথিবীজুড়ে খেটেখাওয়া মানুষের প্রতিদিনের নিরন্তর সংগ্রামের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা প্রদর্শন এবং ন্যুনতম মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে সোমবার সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ঐতিহাসিক মহান ‘মে দিবস’ পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

১৮৮৬ সালের ৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আটঘন্টার কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলার পর ১৯৮৯ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ঘোষণার প্রেক্ষিতে দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবেও পালিত হয়েছে। শ্রমিকদের ওপর সেদিনের পুলিশের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয় ও আরো সাত শ্রমিককে পরবর্তীতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

রাজনৈতিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন, মানবাধিকার সংগঠন ও বিভিন্ন সামাজিক--সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে ও ন্যুনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শোষণের হাত থেকে শ্রমিকদের রক্ষার দাবিতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

সভ্য দুনিয়া নির্মাণে শ্রমিকদের গৌরবগাঁথা ভূমিকার স্মরণে গৃহীত দিনের কর্মসূচির মধ্যে ছিল লাল পতাকা মিছিল, সমাবেশ, গণসঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি।

দিনটি উপলক্ষে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশের আয়োজন করে। এর আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। সমাবেশে স্কপ নেতৃবৃন্দ শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ কারখানা স্থানান্তর ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

স্কপের সমন্বয়ক ড. ওয়াজেদুল ইসলাম খান শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ কারখানা স্থানান্তর ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে এক সভায় ট্রেড ইউনিয়ন সেন্টারের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, আমরা ন্যুনতম মজুরি ও কারখানায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনও রাজধানীতে মিছিল বের করেছে।

সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি) মুক্তাঙ্গনে আটঘন্টার কর্মদিবস ও বাঁধা সময়ের অতিরিক্ত কাজের (ওভারটাইম) জন্য অর্থ এবং কারখানায় দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান বাস্তবায়ন করার দাবি জানিয়েছে। পাশাপাশি বিএসডি কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সকল রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার প্রদানের দাবি জানিয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন তেজগাঁও, সাভার ও যাত্রাবাড়ীতে সমাবেশ করেছে। সমাবেশে তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যুনতম মজুরিসহ আটদফা দাবি উত্থাপন করেছে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগ মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে ন্যুনতম ৩ হাজার টাকা বেতন, সাপ্তাহিক ছুটি, মাতৃকালীন ছুটি এবং শ্রমিকদের অধিকারের সাথে সম্পৃক্ত সময়োপযোগী উদ্যোগ গ্রহণের দাবি জানায়।

১৯৯০ সাল থেকে বিভিন্ন পোশাক কারখানার ভবনধস ও অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর বিষয় উল্লেখ করে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের বেতন ন্যুনতম ৩ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়।

বাংলাদেশ অ্যাপারালস শ্রমিক ফেডারেশন পৃথক এক সমাবেশে শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা কর্মক্ষেত্রের নিরাপত্তা ও দেশের সকল খাতে কর্মরত শ্রমিকদের জন্য ন্যুনতম বেতন নির্ধারণের দাবি জানিয়েছে।

বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোও দেশব্যাপী কর্মজীবি শ্রেণীর সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। উদীচী শিল্পীগোষ্ঠী সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বিডিনিউজের নারায়নগঞ্জ প্রতিনিধি জানায়, দিবসটি পালন উপলক্ষে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন এবং পেশাজীবী সংগঠনগুলো শহরে মিছিল ও শোভাযাত্রা বের করে।

দিবসটি ছিল সরকারি ছুটির দিন।

রাষ্ট্রায়ত টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া জাতীয় দৈনিকগুলো দিবসটির তাৎপর্য উল্লেখ করে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।