২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ দিন পর তেল সরবরাহ শুরু, সংকটের আশংকায় ব্যবসায়ীরা

দু’ দিন ডিপো বন্ধ থাকার পর রোববার রাজধানীসহ সারা দেশে অধিকাংশ পেট্রোল পাম্প খোলা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, মে মাসে সরকার তেল সরবরাহের যে নীতি নিয়েছে তাতে চাহিদা অনুসারে সরবরাহ পাওয়া যাবে না। ফলে মাঝে মাঝেই সংকট দেখা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

জ্বালানি মন্ত্রণালয় ব্যবসায়ীদের এই দাবি নাকচ করে দিয়ে জানিয়েছে, গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে কমপক্ষে ২০ হাজার মেট্রিক টন তেল বেশি সরবরাহ করা হবে। ফলে কোনোভাবেই সংকট থাকার কথা নয়।

তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) একটি সূত্রের দাবি, তেলের দাম বাড়তে পারে এই বিশ্বাস থেকে পাম্প মালিকদের অধিক তেল উত্তোলন এবং কম বিক্রির কারণেই সারা দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, রাজধানীর পেট্রোল পাম্প খোলা না বন্ধ তা দেখার জন্যে রোববার সকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দু’ ঘন্টা ঘুরে বেড়িয়েছেন। এ সময় তিনি কেবল উত্তরা এবং টঙ্গী এলাকায় দু’টি পাম্প বন্ধ থাকতে দেখেন।

তিনি সাংবাদিকদের জানান, রাজধানীতে ৯০ শতাংশ পাম্পই খোলা আছে।

তবে রোববার থেকে তেল সরবরাহ শুরু হলেও পেট্রোালপাম্পগুলোতে তেল আসতে দেরি হওয়ায় সকালের দিকে উল্লেখযোগ্য হারে যান চলাচল বন্ধ ছিল। রাজধানীতেও খুব কম সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়।

এদিকে দু’ দিন ডিপো বন্ধ থাকার পর রোববার তেল নেয়ার জন্যে গোদনাইল, ফতুল্লা এবং বাঘাবাড়িতে লম্বা লাইন দেখা যায়। কে কার আগে সরবরাহ নেবে এ নিয়ে ছোটখাটো বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। অভিযোগ আছে সকাল ৯টায় ডিপো থেকে তেল সরবরাহ শুরুর কথা থাকলেও বাঘাবাড়ি ডিপোতে শুরু হয় সকাল ১০টায়।

জ্বালানি বিভাগের একজন পদস্থ কর্মকর্তা জানান, গত ২৪ এপ্রিল ৮,৩৫৩ টন, ২৬ এপ্রিল ৮,০৬৪ টন এবং ২৭ এপ্রিল ৯,০৬৫ টন তেল দেশের বিভিন্ন ডিপো থেকে সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, গত বছরের মে মাসে সারা দেশের চাহিদা ছিলো এক লাখ ৫০ হাজার টন। এবার এক লাখ ৭০ হাজার টন তেল সরবরাহ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এখন যেহেতু ডিপো সপ্তাহে দু’ দিন (শুক্র ও শনিবার) বন্ধ থাকবে তাই মে মাসে মোট ১৯ দিন ডিপো খোলা থাকবে। এই ১৯ দিন প্রতিদিন ৯ হাজার টন করে তেল সরবরাহ দেওয়া হবে।

অবশ্য দু’ দিন সরবরাহ বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেছেন, গত তিন মাসে প্রতিদিন তেলের চাহিদা ছিল ১৪ হাজার টন। হঠাৎ করে এটা কমিয়ে দেওয়া হলে সংকট দেখা দেবে।

অন্যদিকে জ্বালানি বিভাগ বলছে, সেচ মওসুমে চাহিদা বেশি ছিল। এখন তা শেষ।

এ ব্যাপারে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, মে মাসে এক লাখ ৭০ হাজার টন তেল দিয়ে সকলের চাহিদামাফিক সরবরাহ দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, আর সত্যিকার অর্থেই দেশে জ্বালানি তেলের এর চেয়ে বেশি চাহিদা নেই।