২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘মালা’ আরাকান অতিক্রম করে শেষ হয়েছে, বাংলাদেশে প্রভাব ফেলেনি

প্রচণ্ড ঘূর্ণিঝড় ‘মালা’ বাংলাদেশের উত্তর -- পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ ক্রমেই দুর্বল হয়ে মায়ানমারের আরাকান উপকূলের আকিয়াব ও স্যান্ডওয়ের মধ্য দিয়ে অতিক্রম করে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

দিক পরিবর্তন করায় দুর্বল এই ঘূর্ণীঝড়ের প্রভাবে শেষ পর্যন্ত বাংলাদেশের উপকূল অঞ্চলে বিরূপ কোনো প্রভাব পড়েনি।

আবহাওয়া অফিসের এক বিশেষ বুলেটিনে বলা হয়, বেলা ১২ টা নাগাদ এটি আরাকান উপকূল অতিক্রম করতে থাকে। এ সময় কক্সবাজার থেকে এর অবস্থান ছিলো প্রায় ৫০০ কিমি দূরত্বে।

ঘূর্ণীঝড়টি ক্রমেই দূর্বল হতে থাকায় কক্সবাজার সমূদ্র উপকূলে হালকা ঝড়ো হাওয়ার আভাষ পাওয়া যায়।  এছাড়া দেশের উপকূল অঞ্চলের কোথাও কোনো দমকা ঝড়ো হাওয়া বা তুমুল ঝড় -- বৃষ্টির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস আগাম সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে চার নম্বর এবং মংলা সমুদ্র বন্দরকে দু নম্বর হুঁশিয়ারী  সংকেত দেখিয়ে যেতে বলে।

এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে আশঙ্কা করা হয় পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে ঘন্টায় ৫০  থেকে ৭০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে দু থেকে তিন ফুট বেশি উচ্চতার জলোচ্ছাস দেখা দেওয়ার। কিন্তু মায়ানমারের দিকে বয়ে যাওয়া দুর্বল ঘূর্ণীঝড়ের কারণে  শেষ পর্যন্ত তেমন কোনো অঘটন ঘটেনি ।

এছাড়া এর আগে আগাম সতর্কতা হিসেবে উত্তর -- পূর্ব ও উত্তর -- পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়।