নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০
নারায়ণগঞ্জের আড়াইহাজারের শিমুলতলীতে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে ।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে--আবু সিদ্দিক এবং রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেএস পরিবহনের যাত্রীবাহী বাসটি রাস্তা পারাপাররত একজন পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের নারায়ণগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
