টঙ্গী পৌর নির্বাচন সম্পন্ন, জাল ভোটের অভিযোগে গ্রেপ্তার ৩০
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে টঙ্গী পৌরসভার নির্বাচন-২০০৬ সম্পন্ন হয়েছে।
জানা যায়, ভোট গ্রহণ চলাকালে মোট ৬৫টি ভোট কেন্দ্রের মধ্যে আট/দশটি থেকে জাল ভোট দেওয়ার দায়ে পুলিশ মহিলাসহ ৩০জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, কয়েকটি ভোট কেন্দ্রে নির্বাচনী তথ্য সংগ্রহের সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার সাংবাদিকদের কর্তব্যরত ম্যজিস্ট্রেট বাধা দেন। এ ছাড়া ভোট গ্রহণ চলাকালে চার পাঁচটি ভোট কেন্দ্রে প্রার্থীর সমর্থক ও ভোটারদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আজমত উল্লাহ খান (মোমবাতি) সাংবাদিকদের বলেন, ১৯৯৫ ও ২০০০ সালের নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। জয়ের ব্যাপারে এবারও আমি ১০০ ভাগ আশাবাদী।
অন্যদিকে আহ্সান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় ফাঁসির আসামি (কারারুদ্ধ) পৌর চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম সরকার (ছাতা) বলেন, প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে। তবে জোট প্রার্থী সাইকেল প্রতীকের লোকেরা আমাদের সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।
টঙ্গীর ৬৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
