রাষ্ট্রদ্রোহ মামলায় সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সম্পাদক শোয়েব চৌধুরীর জামিন
হাইকোর্টের নির্দেশে ঢাকার মহানগর দায়রা জজ আদালত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন দিয়েছেন।
শোয়েব চৌধুরী ঢাকা মহানগর দায়রা জজ মমিনউল্ল্যাহর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক লাখ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ইসরাইলের তেল আবিবে একটি সেমিনারে অংশ নেয়ার জন্যে সিংগাপুর যাওয়ার পথে ২০০৩ সালের ২৯ নভেম্বর জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
হাইকোর্টে এ মামলার জামিন আবেদন অপেক্ষমান থাকা অবস্থায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ আবেদনের কোনো বিরোধিতা না করায় গত বছরেরর ৩০ এপ্রিল তিনি ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান।
এ ঘটনায় হাইকোর্ট জামিনের আদেশ দানকারী বিচারক, পিপি এবং অভিযুক্তকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
পরে হাইকোর্ট এ বছরের ২৫ এপ্রিল সালাহউদ্দিন শোয়েব চৌধুরীকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এর ভিত্তিতে তিনি বৃহস্পতিবার আত্মসমর্পণ করে আবারো জামিন আবেদন করে জামিন লাভ করেন।
