২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোটের ১০ নেতাকর্মী আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে ছাত্রদলের হামলায় প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোটের কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

আহতদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, সরকারি চাকুরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা প্রথা বাতিলের দাবিতে সন্দেহভাজন শিবিরকর্মীরা বুধবার ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তাদের এ সমাবেশের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা ওই রাতেই মীর মশাররফ হোসেন হলে অবস্থানকারী সন্দেহভাজন শিবিরকর্মীদের দুটি রুম এবং আল বেরুনী হলের একটি রুম ভাংচুর করে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে রিপন ও প্রিন্স নামের দুইজন ছাত্র আহত হয়। পরে জোট নেতাকর্মীরা হামলাকারীদের শাস্তির দাবিতে মিছিল বের করলে ২০/২৫ জন ক্যাডার মিছিলে হামলা চালায়। এসময় অনুপম, তামিম, অনিক, আনোয়ার, মাহফুজ, শোয়েব, ইভা ও মুক্তা আহত হয়।

এদিকে বৃহস্পতিবার জোটের নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করে।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসান বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।