ঝালকাঠিতে বিচারক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে খালেদ সাইফুল্লাহ
জেএমবির শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ ঝালকাঠির দুই বিচারক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করার পর সে এ স্বীকারোক্তি প্রদান করে।
আদালতে আসামি খালেদ সাইফুল্লাহকে হাজির করার পর পিপি অ্যাড. হায়দার হোসাইন তার বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে শোনান। বিচারক রেজা তারিক আহমেদের জিজ্ঞাসায় খালেদ সাইফুল্লাহ দোষ স্বীকার করলেও সে মানুষের আদালতে কোন বিচার চায় না বলে জানায়।
খালেদ সাইফুল্লাহ ছাড়াও জেএমবি’র শীর্ষদের নেতাসহ বিচারক হত্যার অপর ছয় আসামিকেও বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। অপর আসামিরা হচ্ছে, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, শূরা সদস্য আব্দুল আউয়াল, সুইসাইড স্কোয়াড সদস্য ইফতেখার হাসান আল মামুন এবং ঝালকাঠির কৃষ্ণকাঠির বাসিন্দা সুলতান হোসেন।
