২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত বছর পারিবারিক পাশবিকতার শিকার হয়েছেন ৫৫ হাজার নারী

গত বছর সারা দেশে পারিবারিক পাশবিকতার শিকার হয়েছেন প্রায় ৫৫ হাজার নারী। তাদের মধ্যে ১ হাজার ১৫০ জন আত্মহত্যা করেছেন, ধর্ষণের শিকার হয়েছেন, ১ হাজার ৪০ জন, যৌতুক ও তালাকের শিকার হয়েছেন ১ হাজার ৩ জন, যৌন হয়রানির শিকার হয়েছেন ২৮৭ জন এবং ১৯৫ জন হয়েছেন এসিডদগ্ধ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুধবার এক মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

১৪টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম অ্যাকশন নেটওয়ার্ক টু কমব্যাট ভায়োলেন্স অ্যাগেইন্স্ট ওমেন (অ্যাংকভাও) ‘পারিবারিক সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা: নারী সাংবাদিকদের দৃষ্টিতে’ শীর্ষক ওই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাংকভাও চেয়ারপার্সন এবং স্যাপ বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ নুরুল আলম এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস এইডের ঊর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক খালেদা খাতুন এবং সুজান ওয়ার্ড।

উৎস বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহমুদা মাহবুব লীনা অনুষ্ঠানটি সমন্বয় করেন এবং মূলবক্তব্য উপস্থাপন করেন হোসাইনুল হক।

মতবিনিময় অনুষ্ঠানে বক্তরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও উন্নয়ন সংগঠনগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান।