ফাইবার অপটিক ক্যাবল স্থাপন প্রকল্পে দরপত্র অনিয়মের অভিযোগ
ফাইবার অপটিক প্রকল্পের দরপত্র মূল্যায়নে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছে চীন ভিত্তিক জেডটিই করপোরেশন।
লিখিত অভিযোগে করপোরেশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানায়, অপর চীনা কোম্পানি হুয়াউই টেকনোলজি কোম্পানি লিমিডেট টেন্ডার মূল্যায়ন কমিটির (টিইসি) সদস্যদের বিদেশ ভ্রমণের খরচ দিয়ে টিইসি’র সুপারিশ লাভ করে।
সর্বনিু দরদাতা জেডটিই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে এ অভিযোগ জানায়। এর মধ্যে শুধু পরিকল্পনা মন্ত্রণালয় অভিযোগের ভিত্তিতে দরপত্র প্রস্তাব পুনর্মূল্যায়নের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি প্রদান করে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে জানায়, দরপত্র মূল্যায়ন চলাকালে বিদেশ ভ্রমণের খরচ জোগানো নিশ্চিতভাবেই মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করবে।
সিপিটিইউ জানায়, বিষয়টি ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’র আওতায় পড়বে। এতে সরকারি ক্রয় বিধি (পিপিআর) ২০০৩ এর ১৫ (২) (এ) এর লঙ্ঘন করা হয়েছে।
সিপিটিইউ আরও জানায়, ভ্রমণের খরচের যোগানদার দরপত্র জমাকারী কোম্পানির দরপত্র বাতিল হয়ে যাওয়ার কথা।
পিপিআর ২০০৩ এর ১৫(২)(এ) ধারায় বলা হয়েছে, ...ক্রয় শাখার কোনও চাকুরে বা কর্মকর্তাকে অথবা অন্য কোনও বেসরকারি কর্তৃপক্ষ বা ব্যক্তিকে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষই হোক, অথবা অন্য যে কোনও ধরনের সুবিধা প্রদান অথবা প্রদানের প্রতিশ্রুতি...’ দেওয়া হলে দরদাতার প্রস্তাবিত দরপত্র বাতিল হয়ে যাবে।
ঢাকা থেকে মুন্সীগঞ্জ ও বগুড়া, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ফাইবার অপটিক ক্যাবলের সাথে সংযুক্ত করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করলে ১১ টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
সিপিটিইউ টেলিযোগায়োগ মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট আইনের ১৫ বিধি অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় এবং বলে যে, সংশ্লিষ্ট বিভিন্ন আইনের বিধান অনুযায়ী বিষয়টি মূল্যায়নের দাবি রাখে।
সূত্র জানায়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমর্থনসহ টিইসি’র সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
তারা জানান, টিইসি সদস্য জামিল ওসমান ও নাদির শাহ কুরেশীসহ বিটিটিবি কর্মকর্তারা গত বছরের অক্টোবরে হুয়াউইয়ের সৌজন্যে চীনে বেড়াতে যান।
দ্বিতীয় পর্যায়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মাহমুদ হাসান মনসুর, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বিটিটিবি’র (ব্যবস্থাপনা ও পরিচালনা) এবং টিইসি’র সদস্য এসএম মুনির আহমেদ থ্রি জি ওয়ার্ল্ড কংগ্রেস ২০০৬ এ অংশ নিতে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে চীন ও স্পেন সফর করেন। হুয়াউই এ সফরেরও ব্যয় বহন করে।
এ ব্যাপারে মাহমুদ হাসান মনসুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিটিটিবি’র কাছ থেকে নিশ্চয়তা পাওয়ায় সরকার বিদেশ সফরের ব্যাপারে জিও প্রদান করে। এটি দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে না।
বিটিটিবি’র চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মালেক আকন্দ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে হুয়াউই ৩১৭ দশমিক ৫০ মিলিয়ন টাকার দরপ্রস্তাব প্রদান করে এবং জেডটিই’র দরপ্রস্তাব ছিল ২৪৫ দশমিক ০৪ মিলিয়ন টাকার।
