মোহাম্মদপুরে এনজিও কর্মকর্তা খুন
অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বুধবার নগরীর মোহাম্মদপুরে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টারন্যাশনাল সেন্টারের (রিক) একজন কর্মকর্তা খুন হয়েছেন।
নিহতের নাম হাফিজুর রহমান (৪০)। তিনি রিক’র নওগাঁ জেলার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, রিক’র অপর একজন কর্মকর্তা আব্দুল জলিলকে সাথে নিয়ে হাফিজুর একটি কর্মশালায় যোগ দিতে নওগাঁ থেকে ঢাকা এলে ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তারা মোহাম্মদপুরের লালমাটিয়ায় তাদের ঢাকা অফিসে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা হাফিজুরের কাছ থেকে নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। হাফিজুর তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অবশ্য তার সঙ্গি আব্দুল জলিল অক্ষত রয়েছেন।
এখন পর্যন্ত পুলিশ অপরাধীদের ধরতে পারেনি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাফিজুর পিরোজপুর সদর থানার কালিকাঠিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
