নাসরিন হকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
বিশিষ্ট নারীনেত্রী এবং উন্নয়ন সংগঠক নাসরিন পারভীন হকের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
এদিকে তাঁর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী ভাই দেশে ফেরার পর দাফনের ব্যবস্থা করা হবে।
ইতোমধ্যে সোমাবার রাতে নাসরিন হকের প্রথম নামাজে জানাজা সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন হয়েছে।
অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নারী নেত্রী নাসরিন পারভীন হকের মৃত্যুতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা এক শোকবার্তায় মরহুমার পরিবারের সকল সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
বার্তায় বলা হয়, তাঁর এ অকাল প্রয়াণে এনজিও, নাগরিক সমাজ তথা দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও উন্নয়ন সংগঠককে হারালো।
নাসরিন হকের মৃত্যুতে বাংলাদেশ পার্লামেন্টারি ককাস অন এডুকেশন’র চেয়ারপারসন ও শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এমপিসহ সহসভাপতিরা এক শোকবার্তায় জানান, ককাসের একজন অনারারি স্টাফ মেম্বার হিসেবে তিনি যে অবদান রাখেন, সংসদীয় ককাস তা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
ককাস তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।
গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংস্থা ম্যাস্--লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক শোকবার্তায় জানায়, তাঁর মৃত্যুতে উন্নয়ন গবেষণা ও চিন্তায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
সোমবার ধানম-ির নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারের ধাক্কায় আহত হওয়ার পর প্রথমে নাসরিন পারভীন হককে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ইনটেসিভ কেয়ার ইউনিটে সারা দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উন্নয়ন ও নারী আন্দোলন কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
