২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফ্লুয়েঞ্জা রোধে আইসিডিডিআরবিকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

দেশে অ্যাভিয়ান ইনফ্ল’য়েঞ্জার প্রকোপ রোধে আইসিডিডিআরবিকে কারিগরি সহায়তা দেবে মার্কিন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এ ব্যাপারে ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (ইউএসডিএইচএইচএস) এবং আইসিডিডিআরবি’র সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ বিভাগের মধ্যে সোমবার একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

ইনফ্ল’য়েঞ্জা প্রতিরোধে বিশেষ সচেতনতা সৃষ্টিসহ নতুন নতুন রোগ প্রতিরোধে দু’দশের মধ্যে সহযোগিতার পরিমান বাড়াতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউএসডিএইচএইচএস’র পক্ষে এর পাবরিক হেলথ ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেসের অ্যাসিটেন্ট সেক্রেটারি স্টুয়ার্ট সিমনসন এবং আইসিডিডিআরবি’র পক্ষে নির্বাহী পরিচালক ডেভিড এ স্যাক চুক্তিতে স্বাক্ষর করেন।

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বুটেনিস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বাংলাদেশে বার্ড ফ্লু’ থাকার বিষয়টি অস্বীকার করলেও আইসিডিডিআরবি, ডিএইচএইচএস এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশে বার্ড ফ্লু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনও বাংলাদেশে বার্ড ফ্লু’র অস্তিত্ব অস্বীকার করে বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং সারাদেশে বার্ড ফ্লু প্রতিরোধে বন, মৎস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওপর দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে।

দেশে বার্ড ফ্ল’’র অস্তিত্ব নেই- বিষয়টি তিনি কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে মন্ত্রী এই রোগের ভাইরাস নির্ণয়ে সরকারের নজরদারি পদ্ধতি বেশ কার্যকর বলে উল্লেখ করেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বুটেনিস জানান, ইনফ্লুয়েঞ্জা জীবানু নির্ণয়ে তার সরকার বাংলাদেশকে সহায়তা দিচ্ছে।

সিমনসন বলেন, ইনফ্ল’য়েঞ্জা প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা প্রদানের প্রথম পদক্ষেপ হচ্ছে এই সমঝোতা চুক্তি।