২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বিদ্যুত ঘাটতি মোকাবেলায় ১৫ বছরের চুক্তি

ঘাটতি মোকাবেলায় জরুরি উৎপাদন প্রকল্পের আওতায় বেসরকারি খাতে ১৫ বছরের জন্যে মোট ১২৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি বার্জ / স্কিড মাউন্টেড বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব সোমবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- শাহজীবাজার ৮০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ ২৫ মেগাওয়াট এবং বগুড়া ২০ মেগাওয়াট।

শর্ত অনুসারে উদ্যোক্তারা আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এই কেন্দ্রগুলোর বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

পিডিবি দরপত্রের মাধ্যমে এই তিন উদ্যোক্তার প্রস্তাব চূড়ান্ত করেছে।

শর্তানুসারে কেন্দ্র তিনটি থেকে ১৫ বছর মেয়াদে পিডিবি বিদ্যুত কিনবে। জ্বালানি হিসাবে গ্যাস ব্যবহারের কারণে দাম হবে প্রতি কিলোওয়াট ঘন্টা দুই টাকা ৬৮ পয়সা থেকে তিন টাকা ১৬ পয়সা।

সূত্র জানায়, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কয়েক জন সদস্য বৈঠকে প্রশ্ন তোলেন, জরুরি প্রয়োজনে যেহেতু বিদ্যুত নেয়া হচ্ছে তা হলে ১৫ বছরের জন্যে চুক্তি কেন? তবে এই প্রশ্নের কোনো উত্তর ছাড়াই প্রস্তাবটি অনুমোদিত হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমোদনের পর পিডিবি উদ্যোক্তাদের সাথে চুক্তি করবে।

বিদ্যুত মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, শাহজীবাজারের ৮০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ইউনাইটেড নেপচুন গ্রুপ। গ্যাস চালিত এই কেন্দ্রের প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম দুই দশমিক ৬৮ টাকা।

ফেঞ্চুগঞ্জ ২৫ মেগাওয়াট কেন্দ্রটির প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম হবে দুই দশমিক ৮৫ টাকা। কেন্দ্রটি স্থাপনের কাজ পাচ্ছে অরল্যান্ডো সার্ভিসেস।

ডিজেল ব্যবহারের সুযোগসহ ফেঞ্চুগঞ্জে আরেকটি ২৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব বিবেচনায় নেয়নি কমিটি। ডিজেল ব্যবহার করে বিদ্যুত উৎপাদন করা হলে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম ১২ দশমিক ০১ টাকা হবে।

বগুড়ায় ২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রটি স্থাপনের কাজ পেতে যাচ্ছে জিবিবি লিমিটেড। তাদের জন্যে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে তিন দশমিক ১৬ টাকা।

তবে প্রতিটি বিদ্যুত কেন্দ্রকে পিডিবি’র দামে গ্যাস সরবরাহ করা হবে।

চুক্তিতে তিন কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত কিনতে না পারলে মিনিমাম টেক অর পে ক্লজ রাখা হয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে ব্যর্থ হলে উদ্যোক্তাকে জরিমানা দিতে হবে।

উল্লেখ্য, পিডিবি তার বাল্ক গ্রাহকদের কাছে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুত দুই দশমিক ০৫ টাকা এবং দুই দশমিক ১২ টাকা দামে বিক্রি করে। তিনটি বিদ্যুত কেন্দ্র থেকে পিডিবি’র কেনা গড় দাম দাঁড়াবে প্রতি কিলোওয়াট ঘন্টা তিন টাকা। অর্থাৎ আগামী ১৫ বছর ধরে পিডিবিকে এই লোকসানের ঘানি টানতে হবে।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে পিডিবি’র যে আর্থিক লোকসান হবে তা ভর্তুকি আকারে চাওয়া হয়েছিল। কিন্তু এ ব্যাপারে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রকল্প তিনটি অনুমোদন নিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, আমি যখন প্রস্তাবটিতে সই করেছি নিশ্চয় আমার সম্মতি আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো বেশি দামে বিদ্যুত কিনে কম দামে বিক্রির বিপক্ষে।