বরিশালে সংবাদপত্র হকারকে পুলিশের মারধোর: সড়ক অবরোধ
বরিশালে সংবাদপত্র হকার ইউনিয়নের এক সদস্যকে ট্রাফিক সার্জেন্ট কর্তৃক মারপিটের ঘটনার প্রতিবাদে সোমবার ইউনিয়নের সদস্যরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
ইউনিয়নের নেতাকর্মীরা বেলা ১১ টা থেকে বরিশাল প্রধান সড়কের সদর রোড, কাকলি মোড় এবং বগুড়া বোর্ডের মোড় অবরোধ করে রাখে।
বিডিনিউজ প্রতিনিধি এ ব্যাপারে ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালামের সাথে যোগাযোগ করলে কখন এই অবরোধ তুলে নেয়া হবে সে সম্পর্কে কিছু জানাতে পারেন নি। পরে বেলা ১ টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হকার ইউনিয়নের সদস্য ফকরুল বেলা ১১ টায় সাইকেল নিয়ে কোর্টের প্রিজন ভ্যানকে অতিক্রম করার সময় কাকলি মোড়ে থানা পুলিশ সার্জেন্ট শাহজাহান তাকে পিটিয়ে আহত করে।
আহত ফকরুলকে শেরেবাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
