জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে দ্বিধাদন্দ্বে সরকার: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সরকার মারাত্মক দ্বিধা--দ্বন্দ্বে রয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে মুদ্রাস্ফিতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে এবং দ্রব্য মূল্যের সমন্বয়সহ সার্বিক অর্থনীতির ওপরও এর প্রভাব পড়বে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে তেলের মূল্য বৃদ্ধিতে গত একটা সপ্তাহ আমার নির্ঘুম কেটেছে।
তিনি আরো বলেন, সরকার প্রতি লিটার জ্বালানি তেলে ২০--২২ টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে।
তিনি ইঙ্গিত দিয়ে বলেন, সরকার জ্বালানি ইস্যুতে খুব শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে। তবে সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তা সমন্বিত সিদ্ধান্তই হবে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য বৃদ্ধি করার পরিবর্তে সরকারকে জ্বালানি (ডিজেল) চোরাচালান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
তেল আমদানির জন্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে অর্থায়ন করায় রাষ্ট্র নিয়ন্ত্রিত সোনালী ব্যাংক ইতোমধ্যেই তারল্য সঙ্কটে ভুগছে। ব্যাংকটি পাঁচ হাজার কোটি টাকারও বেশি বিপিসিকে দিয়েছে।
সাইফুর রহমান বলেন, বাংলাদেশের মত দেশগুলোর যদি তেল আমদানির জন্যে সব অর্থ ব্যয় করতে হয় তাহলে অন্যান্য খাতের উন্নয়ন ক্ষতিগ্রস্থ হয়।
তিনি বলেন, এটি সরকারের জন্যে একটা বড় চ্যালেঞ্জ।
সাইফুর বলেন, খুব শিগগিরই জনগণের ও অর্থনীতির জন্যে কম ক্ষতিকর কোনো কিছু করা হবে।
এ পরিস্থিতিতে কার্যকর সমর্থন না দেওয়ায় বিশ্ব ব্যংক, এশীয় উন্নয়ন ব্যংক ও ইসলামী উন্নয়ন ব্যংকের ভূমিকার সমালোচনা করেন।
বিশ্বের সকল দেশের ক্ষেত্রেই এটা কোনো দল বা সরকারের জন্যে চ্যালেঞ্জ নয়। এটা জাতীয় সঙ্কট।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীন চাহিদা মেটাতে তেল আমিদানির ব্যাপারে বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যংক, জনতা ও অগ্রণী ব্যাংকের সাথে বসবে।
ডিজেলের ওপর চাপ কমাতে সিএনজি চালিত যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে ৩ মে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।
