২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনএএইচআর কাউন্সিলের সদস্যপদ লাভের চেষ্টা করছে বাংলাদেশ

একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠনের জন্য সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহন না করা হলেও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ লাভের জন্য চেষ্টা করছে বাংলাদেশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭ টি নতুন সদস্যপদের জন্য ইত্মোধ্যে ৬১ টি দেশের আবেদন জমা পড়েছে। আগামী ৯ মে জাতিসংঘ সাধারণ পরিষদে কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বহুল সমালোচিত এবং বর্তমানে নিষ্ক্রয় মানবাধিকার কমিশনের পরিবর্তে এই কাউন্সিল গঠিত হবে। গত মার্চে মানবাধিকার কমিশনের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেছে। আর মানবাধিকার কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হবে ১৯ জুন।

বাংলাদেশের পক্ষ থেকে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ লাভের জন্য প্রেরিত ধারনাপত্রে বলা হয়েছে, বাংলাদেশ তার জনগণের জন্য কোন ধরনের বৈষম্যমূলক আচরণ ছাড়াই নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারসহ উন্নয়ন অধিকার এবং  মৌলিক স্বাধীনতার অধিকার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

কাউন্সিলের ২০০৬-০৭ মেয়াদে সদস্যপদ লাভের নির্বাচনে অংশগ্রহনে সমর্থন আশা করে ধারনাপত্রে আরও বলা হয়েছে- বাংলাদেশ অত্যন্ত সক্রিয় এবং গঠনমুলকভাবে মানবাধিকার কাউন্সিল গঠনের আলোচনায় অংশগ্রহন করেছে, তাই বাংলাদেশের জনগণের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার অগ্রগতি এবং সুরক্ষার জন্যই সদস্যপদ দেওয়া উচিত।

কাউন্সিলের সদস্যপদ লাভের আবেদন করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন  বলেন, সব ধরনের জাতীয়, আঞ্চলিক এবং আর্ন্তজাতিক পর্যায়ে মানবাধিকারের অগ্রগতি এবং সুরক্ষায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।

এদিকে মানাবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরোধীতা করে একটি আঞ্চলিক মানবাধিকার গোষ্ঠি জাতসংঘ সাধারণ পরিষদের কাছে বাংলাদেশকে কাউন্সিলের সদস্যপদ না দেওয়ার জোরালো আবেদন জানিয়েছে।

হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বক্তব্যে জানিযেছে, বাংলাদেশের মত মারাত্মকভাবে মানবাধিকার লংঘনকারী একটি দেশকে সদস্য পদ দেওয়া হলে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।

প্রতিবছর জেনেভায় একবার করে বৈঠকে বসা মানবাধিকার কমিশন গত কয়েকবছর ধরেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। একবছর আগে জাতিসংঘ মহাসচিব কফি আনান নতুন করে মানবাধিকার কাউন্সিলের ধারনা ব্যক্ত করেন।

গত কয়েকবছর ধরেই বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লংঘিত হয়ে আসছে। আর এর সাথে জড়িতদের বেশিরভাগই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হয়েছে। তাছাড়া বিচার বর্হিভুত হত্যা সংখ্যা যেমন বেড়েছে সেইসাথে ২০০৪ এবং ২০০৫ সালে বিরোধী দলের আন্দোলন দমনের পন্থা হিসেবে গণগ্রেফতারের ঘটনাও বেড়েছে আশংকাজনকভাবে।

মানবাধিকার কাউন্সিলে আফ্রিকার দেশগুলোর জন্য নির্ধারিত ১৩ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১১টি। অন্যদিকে এশিয়ার ১৩টি আসনের জন্য আবেদন করেছে ১৭টি দেশ। এছাড়া পূর্ব ইউরোপের জন্য ছয়টি, ল্যানি আমেরিকাও ক্যারিবিয়ান দেশগুলোর জন্য আটটি এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর জন্য সাতটি আসন রাখা হয়েছে কাউন্সিলে।