বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে জটিলতা, মার্কিন কর্তৃপক্ষের তীব্র আপত্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। ব্রাসেলস -- এর পরিবর্তে যুক্তরাজ্যের ম্যানচেস্টার দিয়ে নিউ ইয়র্ক রুটে চালু করা ফ্লাইটটি অবিলম্বে বন্ধ করে দিতে বলেছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ।
বিমান সূত্র জানায়, রোববার বিমান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আমেরিকার ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছে, বিমানের নিউ ইয়র্ক ফ্লাইটটি ম্যানচেস্টার দিয়ে পরিচালনা করা হলে এই ফ্লাইটটির গন্তব্যস্থল নিউ ইয়র্কে অবতরণের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া এফএএ বিমানকে জানিয়েছে, এ ধরণের ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হলে বিমানকে জরিমান করা হবে এক লাখ ডলার।
ঢাকা থেকে ব্রাসেলস হয়ে নিউইয়র্ক রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইটটি অনেকটাই আকস্মিকভাবে রুট বদল করে ম্যানচেস্টার দিয়ে নিয়ে যাওয়া হয়। এটি এখন প্রতি সপ্তাহে শুক্রবার পরিচালনা করা হচ্ছে।
প্রায় দু’সপ্তাহ আগে ম্যানচেস্টার দিয়ে ফ্লাইটটি চালু করার জন্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিমানের পদস্থ কর্মকর্তারা ম্যানচেস্টার সফর করেন।
এভিয়েশন বিশেষজ্ঞদের ধারণা, নিউ ইয়র্ক ফ্লাইটটি পরিচালনার জন্য এখন একমাত্র উপায় হচ্ছে আবার ঢাকা -- ব্রাসেলস -- নিউ ইয়র্ক এই পুরনো রুটে ফিরে যাওয়া। এফএএ’র পক্ষ থেকে বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট ম্যানচেস্টার দিয়ে পরিচালনার কোনো অনুমতি মিলবে না।
