সকল পল্লি বিদ্যুৎ গ্রাহককে কানসাটের মতো সুবিধা দেয়া হতে পারে
বিদ্যুতের দাবিতে কানসাট আন্দোলনের পুনরাবৃত্তি রোধে সরকার করণীয় নির্ধারণে দেশের সকল পল্লি বিদ্যুত সমিতির (পিবিএস) নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে। আগামী ২৬ এপ্রিল বুধবার পল্লি বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) এই সভা অনুষ্ঠিত হবে।
বিদ্যুত বিভাগ সূত্র জানা গেছে, সভায় পিবিএস নেতাদের বক্তব্য শোনার পর সকল পল্লি বিদ্যুত গ্রাহককে কানসাটের মতো একই ধরনের সুবিধা দেয়ার ঘোষনা দেয়া হতে পারে।
কানসাটে বিদ্যুত গ্রাহকদের প্রধান দাবি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। একই সাথে বিদ্যুত ব্যবহার না করলেও যে ১০০ টাকা সর্বনিম্ন চার্জ এবং ১০ টাকা মাসিক মিটার ভাড়া দিতে হয় তা প্রত্যাহার করে নেয়া।
অন্যদিকে বর্তমান নিয়ম অনুসারে কোনো এলাকায় পল্লি বিদ্যুতের ট্রান্সফর্মার বা লাইনের তার চুরি হলে এর ৫০ শতাংশ অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের দিতে হয়। কানসাট আন্দোলনকারীরা এটাও প্রত্যাহারের দাবি আদায় করেছে।
বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিডিনিউজকে বলেন, দেশের বর্তমান বিদ্যুত পরিস্থিতিতে কোনোভাবেই নিরবচ্ছিন্ন সরবরাহ দেয়া সম্ভব নয়। তবে সভায় আমরা মতামত শোনার পর চাইলে সকল গ্রাহককে কানসাটের মতো একই ধরনের সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।
কানসাটের বিদ্যুত গ্রাহকরা এই দাবি অর্জন করতে গিয়ে তিন মাসের আন্দোলনে ১৯ জন প্রাণ হারিয়েছেন। সরকার বাধ্য হয়ে আন্দোলনকারীদের সকল দাবি মেনে নিয়ে সমঝোতা করে।
কানসাট আন্দোালনের সাফল্যের পথ করে ইতোমধ্যে নওগাঁ, পাবনাসহ বিভিন্ন এলাকায় পল্লি বিদ্যুতের গ্রাকহরা একই ধরনের আন্দোলন শুরু করেছে। এই বিষয়গুলো বিবেচনায় এনেই সরকারের পক্ষ থেকে পিবিএস নেতাদের সাথে বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।
বর্তমানে ৭০টি পিবিএস এর আওতায় গ্রাহকের সংখ্যা ৬৭ লাখ।
