চার মাসেও ভূমি সংক্রান্ত স্পর্শকাতর মামলার তথ্য দেয়নি জেলা প্রশাসকরা
প্রায় চার মাস আগে সরকারি আদেশ জারি হলেও সরকার জেলা প্রশাসকদের কাছ থেকে এখনও ভূমি সংক্রান্ত স্পর্শকাতর কোনও অভিযোগের তথ্য পায়নি।
মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় কমিটি ভূমি সংক্রান্ত মামলাগুলো তদারক করবেন বলে গত বছরের ডিসেম্বরে সিদ্ধান্ত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন ভূমি, তথ্য, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব এবং আইন মন্ত্রণালয়ের একজন সলিসিটর।
ভূমি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার জাতীয় কমিটির দশম বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে।
তিনি জানান, জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট বিষয়ে কেন মন্ত্রণালয়ে তথ্য পাঠাতে পারেননি তা নিয়েও বৈঠকে আলোচনা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভূমি মন্ত্রণালয় ৬৪ জেলার জেলা প্রশাসকের কাছে ভূমি সংক্রান্ত স্পর্শকাতর ও জরুরি বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠায়।
ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, জেলা প্রশাসকদের কাছে তাদের স্ব স্ব জেলার স্পর্শকাতর ও জরুরি ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা জানতে চাওয়া হয়।
সূত্র আরও জানায়, মঙ্গলবারের বৈঠকে কমিটি যেহেতু এ ব্যাপারে তথ্য চাইবে, তাই জেলা প্রশাসকদের নীরবতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসকদের তথ্য পাঠানোর ক্ষেত্রে অনীহার বিষয়টি কমিটিকে অবহিত করা ছাড়া মন্ত্রণালয়ের আর কিছুই করার নেই।
মন্ত্রিপরিষদ বিভাগের অপর এক সূত্র জানায়, সমাজের প্রভাবশালী অংশ ওইসব ভূমি জবরদখল করে থাকায় প্রতিবিধানের লক্ষ্যে সরকার ভূমি সংক্রান্ত স্পর্শকাতর মামলাগুলোর ব্যাপারে জানতে চেয়েছিল।
সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কমিটির দশম বৈঠক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হচ্ছে নবম বৈঠকের প্রায় চার মাস পর।
