যশোরে বিডিআর’র হাতে বিএসএফ’র সন্দেহভাজন গুপ্তচর আটক
যশোরে বেনাপোল সীমান্তে শনিবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র এক সন্দেহভাজন গুপ্তচরকে আটক করেছে।
বিডিআর ২৫ রাইফেলস ব্যাটেলিয়নের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক আশাদুলের বিরুদ্ধে বেরাপোল বন্দর থানায় রাষ্ট্রদ্রোহিতা ও মাদকদব্য আইনে দুটি মামলা হয়েছে।
বিডিআর জানায়, আটক ব্যক্তি আশাদুল টাকার বিনিময়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বিএসএফ’র কাছে পাচার করতো। তার গডফাদার শহিদুল গ্রেপ্তার এড়িয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডিআর জানায়, যশোরের শার্শা উপজেলার সাত নম্বর বিঘা গ্রােেমর আইয়ুব সর্দারের ছেলে আশাদুল প্রতিদিন বিএসএফ’র কাছে প্যাকেট পাঠায় বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর দীর্ঘদিন পর্যবেক্ষণে রেখে, বিডিআর ঘিরা ক্যাম্পের নায়েক সুবেদার আহমদ আলীল নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেলে আশাদুলকে গ্রেপ্তার করে।
আটকের পর বিডিআর, পুলিশ ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশাদুল বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেয়।
জিজ্ঞাসাবাদে আশাদুল জানায়, চার বিঘা গ্রামের ইছা মন্ডলের ছেলে শহিদুলের হয়ে সে পাঁচ বছর ধরে বিএসএফ’র পক্ষে গুপ্তচরবৃত্তি করছে। বেনাপোল সীমান্তের বিভিন্ন বিডিআর ক্যাম্প ও বিওপির সদস্য সংখ্যা, অস্ত্র ও গোলাবারুদের স্পর্শকাতর তথ্যসহ বাংলাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও সাময়িকী সে ভারতে পাচার করতো।
সে অবশ্য জানায়, শহিদুল বিএসএফ’র মূল এজেন্ট। কাজের জন্যে বিএসএফ শহিদুলকে নগদ টাকা না দিয়ে প্রতিদিন ২০টি করে ফেন্সিডিল দেয়। আর ফেন্সিডিল বিক্রির টাকা দিয়ে শহিদুল নিজে ও তার সহযোগীরা জীবিকা নির্বাহ করে।
