২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাবি সাংবাদিকতা বিভাগের মৌন মিছিল, প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে বাংলাদেশ--অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার সকালে ক্যাম্পাসে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। এরপর বটতলায় প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

প্রতিবাদ অবস্থান কর্মসূচি ও সমাবেশে ড. গোলাম রহমান, অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল করিম সাবু বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (বন্দর) আলী আকবর খান ও অন্যদের চাকরিচ্যুতিসহ উপযুক্ত শাস্তির দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অধ্যাপক ডা. শামসুল মজিদ হারুন ড. গীতি আরা নাসরিন, রোবায়েত ফেরদৌস এবং ফাহমিদুল হক।

উল্লেখ্য, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর আগে ও মধ্যাহ্ন ভোজের বিরতির আকবর আলী খানের নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন সাংবাদিক ও ফটোসাংবাদিক আহত হন। গুরুতর আহত দৈনিক পূর্বকোণের সাংবাদিক অনুরূপ টিটো এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।