সচিবালয়ে দুই কর্মচারি নেতার বিদায় নিয়ে উত্তেজনা, ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে লিফলেট বিতরণ
বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের বিদায়ী দুই নেতার বিরুদ্ধে কর্মচারি সমবায় সমিতির ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।
একই সাথে তাদের বিদায় অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে মঙ্গলবার সচিবালয়ে একটি লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বিদায়ী দুই নেতা মজিবুল হক এবং শাহ আলমকে জনতার মঞ্চের নায়ক হিসেবে উল্লেখ করে তাদের বিদায়ের পর কর্মচারিদের ওই অর্থ আদায়ের উপায় কি হবে, তা নিয়ে প্রশ্ন উত্থাপণ করা হয়।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবারই সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদের সম্মেলন ২০০৬-এ ওই দুই নেতাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এতে সরকারের একজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মচারিদের কেউ কেউ অভিযোগ করেন, চাপ প্রয়োগ করে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণে বাধ্য করা হয়েছে।
অনুষ্ঠান শুরুর আগে পরিষদের একটি বিক্ষুব্ধ অংশ সচিবালয়ের ভেতরে ‘কর্মচারিদের জিজ্ঞাসা’ শিরোনামে লিফলেটটি বিতরণ করে। এ সময় সচিবালয়ের বিভিন্ন স্থানে প্রচুর পরিমানে লিফলেট পড়ে থাকতে দেখা যায়।
এতে অনুষ্ঠান শুরুর আগেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে মিশ্্র প্রতিক্রিয়া দেখা দেয়। দিনভর সচিবালয়ে উত্তেজনা বিরাজ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন স্থানে পোষাকধারি ও সাদা পোষাকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
কর্মকর্তাদের মতে, সরকারের শেষ সময়ে মন্ত্রী পর্যায়ের একাধিক দায়িত্বশীল ব্যক্তি ওই সম্বর্ধণা অনুষ্ঠানে গিয়ে কর্মচারিদের দুটি ভাগে বিভক্ত করে উত্তেজনার সৃষ্টি করেছেন। এর আগে সচিবালয়ের কর্মচারিরা শান্তই ছিলেন।
