২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র ৬ হলে রাতভর পুলিশি অভিযান: আটক ৫২ জনকে ১২ ঘন্টা পর মুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র হলে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৫২ জন বহিরাগতকে আটক করার প্রায় বার ঘন্টা পর মঙ্গলবার বিকেলে তাদেরকে আবার ছেড়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজকে জানান, প্রায় দুইশ পুলিশ সদস্য রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, অমর একুশে হল, সার্জেন্ট জহুরুল হক হল, জসীম উদদীন হল এবং ফজলুল হক হলে অভিযান চালিয়ে বহিরাগতদের আটক করে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বহিরাগতমুক্ত এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায়ই এ ধরণের অভিযান চালানো হয়। তবে, আটককৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নেই।   

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগও পাওয়া যায়নি। তাদেরকে যাচাই-বাছাইয়ের পর দুপুর দু’টা নাগাদ ছেড়ে দেওয়া হয়। 

সূত্র জানায়, আটককৃতদের মধ্যে ২২ জনকে জগন্নাথ হল, সাতজনকে সলিমুল্লাহ মুসলিম হল, সাতজনকে অমর একুশে হল, চারজনকে জসীম উদদীন হল, পাঁচজনকে ফজলুল হক হল এবং সাতজনকে জহুরুল হক হল থেকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার যুবলীগের মহাসমাবেশ ও বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং ২০ এপ্রিলের হরতালসহ বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে পুলিশ এ অভিযান চালায়।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সে জন্যই রমনা পুলিশ এ অভিযান চালায়।