গাজীপুরে ৬ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও
গাজীপুরের কোণাবাড়িতে অবিলম্বে লোড শেডিং বন্ধসহ ছয় দফা দাবিতে সোমবার দুপুরে পল্লী বিদ্যুত সমিতির কার্যালয় ঘেরাও করা হয়।
ঘেরাও কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহসড়কে অবস্থান নিলে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
কোনাবাড়ি উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বানে দুপুর ১২টার দিকে লোড শেডিং বন্ধ, ন্যুনতম চার্জ প্রত্যাহার, মিটার ভাড়া প্রত্যাহার, জোনাল অফিস দুর্নীতিমুক্ত করা, গ্রাহকদের সঙ্গে অসৌজন্য আচরণ পরিহার ও সুন্দর পরিবেশে বিল প্রদানের সুযোগ সম্বলিত ছয় দফা দাবি জানিয়ে শ’ শ’ লোক পল্লী বিদ্যুৎ সমিতির কোনা বাড়ি জোনাল অফিস ঘেরাও করে।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. সোলাইমানের সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনিসুর রহমান, রুহুল আমিন চানু, তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, আজগর আলী প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে লোডশেডিং বন্ধসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় কানসাটের মত পরিস্থিতি সৃষ্টি হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
পরে নেতৃবৃন্দ কোণাবাড়ি জোনাল অফিসের উপ-মহাব্যাবস্থাপকের কাছে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
