ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাক থেকে ৩০ হাজার মার্কিন ডলার ও ৬৬ হাজার জাল ভারতীয় রুপি উদ্ধার
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সোমবার বিকেলে সে দেশের পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাক থেকে ৩০ হাজার মার্কিন ডলার ও ৬৬ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশ থেকে রপ্তানিকৃত ২৪ বেল ‘জুট ব্যাগ’ বোঝাই (যশোর ট--১১--০৮৮০) ট্রাকটি সকল আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৯৩ বিএসএফ জোয়ানরা ট্রাকটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার ও ৬৬ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করে। পরে বিএসএফ ট্রাকসহ ড্রাইভার রুহুল আমিনকে আটক করে বনগাঁও থানায সোপর্দ করে।
একটি সূত্র বলেছে, আটক ট্রাকটি বেনাপোলের আমদানিকারক জিএম এন্টারপ্রাইজের মালিক গোলাম মোর্শেদের। তবে অপর একটি সূত্র জানায়, পণ্যচালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার মদিনা এন্টারপ্রাইজ ও আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের প্রগতি ইমপ্লেক্স প্রা. লি.।
