জয়পুরহাটে বাসদ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১২, নিখোঁজ ১
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রোববার বাসদের মিছিলে বিএনপি ক্যাডাররা হামলা চালালে ১২জন আহত হয়। এঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল রোববার নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ, সার ও কীটনাশকের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে মিছিল বের করে।
এসময় মোটর সাইকেলে করে এসে সরকারদলীয় ক্যাডাররা হামলা চালালে ওই স্থান রণক্ষেত্রে পরিণত হয়।
আহত বাসদ নেতা ওবায়দুল্লাহ মুসা সাংবাদিকদের বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনো কারণ ছাড়াই বাসদের মিছিলে হামলা চালায়।
তিনি আরো বলেন, ঘটনার সময় একজন নারী কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে। ওই ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
মুসাসহ আহত সাতজন বাসদ নেতাকর্মীকে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে জয়পুরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট হামলার কথা অস্বীকার করেছেন।
পুলিশ জানায়, পুলিশ ঘটনার খবর শুনে স্পটে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি।
