চট্টগ্রামে নৌবাহিনীর গুলিতে ৩ জলদস্যু নিহত
চট্টগ্রামের কর্ণফুলী নদীর চর পাথরঘাটার কাছে শনিবার মধ্যরাতে নৌবাহিনী সদস্যদের গুলিতে তিন ডাকাত নিহত এবং একজন আহত হয়েছে।
এঘটনার পর নৌবাহিনীর সদস্যরা ১৫ হাজার লিটার ডিজেল এবং দুটি নৌকা উদ্ধার করেছে।
কর্ণফুলি থানা পুলিশ জানায়, নিহতরা হল- ইউসুফ আলী (৩৬), মুন্সেফ আলী (৩০) এবং আব্দুল কাদের (২৮)। এ ঘটনায় আহত সেকেন্দার আলীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌ বাহিনীর একজন মুখপাত্র জানান, রাত ১২টার দিকে কর্ণফুলীতে নৌবাহিনীর টহলরত একটি বোট জাহাজ থেকে তেল চুরি করা অবস্থায় একটি ইঞ্জিন চালিত নৌকা দেখতে পায়। নৌবাহিনী তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা আজিমপাড়া খালে ঢুকে পড়ে। এসময় তাদের সহযোগীরা নৌবাহিনীর সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করে। এতে চারজন নৌবাহিনীর সদস্য আহত হয়।
একপর্যায়ে জলদস্যুরা নৌবাহিনীর টহল বোট ঘিরে ফেলে। পরে নৌবাহিনীর সদস্যরা গুলি চালায়।
গুলিবিদ্ধ ডাকাত কাদের ও মুন্সেফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ইউসুফকে হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
স্থানীয়রা বলছে কোস্টগার্ড সদস্যরা নৌবাহিনীর সদস্যদের সাহায্য করে। তবে কোস্টগার্ড এ অভিযানে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
সূত্র জানায়, নৌবাহিনী দুটি নৌকা আটক করলেও একটি নৌকায় করে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
এদিকে নিহত আব্দুল কাদের ও ইউসুফের দুই ভাই আলী হায়দার ও হোসেন অভিযোগ করে বলেন, তারা নৌকার চালক। খাল পার হওয়ার সময় তাদেরকে গুলি করা হয়।
কর্ণফুলি থানা পুলিশ জানায়, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
