কুষ্টিয়ায় ক্রসফায়ারে ২ সন্ত্রাসী নিহত
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুরে শনিবার ভোরে পুলিশের সাথে ক্রসফায়ারে ২ সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতদের নাম মহিদুল ও সামিউল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রাত তিনটায় তাদেরকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মহিদুল এবং সামিউলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মহিদুল এবং সামিউল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ ২টি পিস্তল এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, মহিদুল এবং সামিউলের বিরুদ্ধে নয়টি হত্যা মামলা রয়েছে।
