২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিডিআর - বিএসএফ গুলিবিনিময় ঃ আহত ৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুশলীবাড়ী সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষনে কমপক্ষে চার বাংলাদেশী নাগরিক আহত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিআর সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার কুশলীবাড়ি সীমান্তে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিএসএফ’র জলপাইগুড়ি উপজেলার বিঘাবাড়ী বিওপির জওয়ানরা বাংলাদেশী অবস্থান লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ শুরু করে। এসময় থেমে থেমে মর্টারের গোলাবর্ষণ করা হয়। জবাবে বিডিআর সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে।

গুলিবিনিময় চলাকালে বিএসএফ’র গুলিতে সাবেক ইউপি সদস্য আবুল হোসেন (৫৫), জিকরুল (২৮), আখিজান (৫০) এবং বাবুলসহ (৩০) কমপক্ষে চার গ্রামবাসী আহত হয়।

বিডিআর রংপুর সেক্টরের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল শাফাত জানান, বিএসএফ’র গুলিবর্ষণের কারণে উত্তর, দক্ষিন ও পশ্চিম কুশলীবাড়ী গ্রামের অধিবাসীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিবিনিময় চলছে বলে তিনি জানান।