ঢাবি’র মৎস্য বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষক মামুন চৌধুরীকে অপসারণের দাবিতে বুধবার ক্যাম্পাসে মৌন মিছিল করেছে। তারা কার্জন হল থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন পালন করে।
শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিভাগে অবস্থান ধর্মঘট এবং দাবি পূরণ না হলে পুরো বিভাগ অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে ৯ এপ্রিল তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। বুধবার এ আল্টিমেটামের মেয়াদ শেষ হলে ওই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা এর আগে সকাল ৯টায় বিভাগের সকল ক্লাস রুমের তালায় সুপার--গ্লু লাগিয়ে দেয়। ফলে বিভাগে কোনো শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। এছাড়া চতুর্থ বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা হওয়া কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
বিভাগীয় শিক্ষক মোহাম্মদ মামুন চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, ইনকোর্সের নম্বর কমিয়ে দেওয়া এবং ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে।
শিক্ষার্থীরা এ ব্যাপারে বিভাগের চেয়ারম্যানের কাছে কোর্স শিক্ষক পরিবর্তনের আবেদন জানিয়ে দরখাস্ত করলে ও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তারা জানায়, ১৫ মার্চ উপাচার্য বরাবরেও এ ব্যাপারে দরখাস্ত দেওয়া হয়।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার আহাম্মদ এবং শিক্ষক মামুন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
