২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাংলা ভাইয়ের সহযোগী সাবেক জামায়াত নেতা গ্রেফতার ॥ ৪ দিনের রিমান্ডে

বগুড়ার গাবতলী থানা পুলিশ রোববার রাতে উপজেলা সদর থেকে বাংলা ভাইয়ের সহযোগী পলাতক জেএমবি ক্যাডার ও থানা জামায়াতের সাবেক আমীর ফজলে রাব্বীকে গ্রেফতার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

সোমবার বিকেলে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোস্তাফিজার রহমান মৃধার আদালতে হাজির করা হলে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার মাষ্টারপাড়ার বাড়ি থেকে ফজলে রাব্বীকে (৫২) পুলিশ গ্রেফতার করে।

থানা পুলিশ তার সাথে সাংবাদিকদের কথা বলতে দেয়নি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-উল-ইসলামও কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

স্থানীয় এলাকাবাসী জানান, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ইতিহাসের শিক্ষক ফজলে রাব্বী দীর্ঘ সাত বছর গাবতলী থানা জামায়াতের আমীর ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি জামায়াত প্রার্থী হিসেবে বগুড়া-৭ (গাবতলী) আসন থেকে প্রধানমšত্রী খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

’৯৭ সালে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে জামায়াত থেকে বহিস্কার করা হয়। এরপরই তিনি বাংলা ভাইয়ের সাথে জেএমবিতে যোগ দেন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পর তিনি ছুটি না নিয়েই কলেজে অনুপস্থিত থাকেন।

সূত্র মতে, ১৭ আগস্ট বোমা হামলার দিন থেকেই ফজলে রাব্বী গা ঢাকা দেন এবং কলেজে অনুপস্থিত থাকেন। পরে দু’দফায় ছুটি নিয়ে আত্মগোপণে থাকার পর তিনি প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেন। কিন্তু পুলিশ তাকে এতদিন গ্রেফতার করেনি।