স্পেক্ট্রাম ট্রাজেডি: এক বছরেও পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে পারেনি
স্পেক্ট্রাম ট্রাজেডির এক বছর পেরিয়ে গেলেও পুলিশ চূড়ান্ত রিপোর্ট না দেওয়ায় আদালত শুনানির দিন ধার্য করতে পারছে না।
সাভার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা স্পেক্ট্রাম গার্মেন্টস ধসের ঘটনায় গার্মেন্টস এর মালিক শাহরিয়ার সাঈদ ও আবুল হাশেম ফকিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় তিনি গার্মেন্টস ভবনের ত্র“টিপূর্ণ নির্মাণকেই দায়ী করেন।
গত বছরের ১১ এপ্রিল স্পেক্ট্রাম গার্মেন্টস ধসের ঘটনায় ৬৪ জন নিহত হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের দাবী নিহতের সংখ্যা ৭৪ জন।
বেশ কয়েকটি স্থানীয় সূত্র জানায়, মালিক পক্ষের চাপে পুলিশ চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে।
তারা আরো জানায়, মালিক পক্ষ বর্তমান ক্ষমতাসীন দলের একজন নেতার আত্মীয়।
পুলিশ সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্র্তন হওয়ায় মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাচ্ছে না।
এদিকে ওই ঘটনায় ২০ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা ধসে পড়া ওই ভবনের নিচে চাপা পড়েছে।
নিখোঁজ শ্রমিকরা হল- মাদারীপুরের ইমান হোসেন ও নুরুল আলম, মানিকগঞ্জের মফিজুর রহমান, টাঙ্গাইলের জহির, গোপালগঞ্জের কাওসার, সাতক্ষীরার বিল্লাল হোসেন, ঝিনাইদহের রমজান আলী, গাজীপুরের মাহবুব শেখ, নাটোরের আনিসুর রহমান এবং বরগুনার রানা মিয়া।
নিখোঁজ ইমান আলীর বোন রেশমা বিডিনিউজকে বলেন, তার ভাই স্পেক্ট্রাম গার্মেন্টসে নিটিং অপারেটর হিসেবে কাজ করত। ভবন ধসের পর তার ভাই আর ফিরে আসেনি।
স্পেক্ট্রাম গার্মেন্টস ফ্যাক্টরি ধসের প্রথম বর্ষপূর্তি মঙ্গলবার পালিত হবে।
