২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে জাবি’র ২টি গবেষণা প্রতিষ্ঠানে অচলাবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে দু’টি গবেষনা প্রতিষ্ঠান ৭ থেকে ৮ বছর ধরে অচলাবস্থায় পড়ে আছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 12:38 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

কর্তৃপক্ষ জানান, উপযুক্ত ব্যক্তি ও আর্থিক সংকটের অভাবে প্রতিষ্ঠান দু’টি পুনরায় চালু করা যাচ্ছে না। তবে ভবিষ্যতেও প্রতিষ্ঠান দু’টি সচল হবে না বলে কর্তৃপক্ষের একটি সূত্র জানায়।

অনুসন্ধানে জানা গেছে, বিগত শতকের নব্বই এর দশকের শুরুর দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র এবং ইনস্টিটিউট অব রিমোট সেনসিং নামে দু’টি গবেষণা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

আমেরিকার মরগ্যান স্টেট ইউনিভার্সিটি এর সহযোগিতায় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রটি চালুর পর থেকে তিনজন পরিচালক বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের বর্তমান পরিচালক অধ্যাপক সৈয়দ আব্দুল হাই ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের নয়া কোষাধ্যক্ষ নিযুক্ত হবার পর থেকে পরিচালকের পদটি শূণ্য রয়েছে। এর আগে পরিচালক হিসেবে মরহুম অধ্যাপক মফিজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক আব্দুল বায়েস দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালের পর থেকে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এ পর্যন্ত কোন উল্লেখযোগ্য কোন গবেষণা কর্মকাণ্ড পরিচালিত হয়নি।

অপরদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকট এবং সংরক্ষণের প্রতিষ্ঠার অভাবে ১৯৯৫ সাল থেকে দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ক ইনস্টিটিউট অব রিমোট সেনসিং প্রতিষ্ঠানটি কোনরকমে চলছিল। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়লে কর্তৃপক্ষ ২০০২ সালে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সাজেদ আশরাফ করীমকে অব্যবহৃত যন্ত্রপাতি সংরক্ষণ ও পুনরায় চালু করার জন্য তত্ত্ববধায়ক হিসেবে নিয়োগ দেন। কিন্তু কর্তৃপক্ষ অর্থ বরাদ্দ না দেয়ায় তিনি পুরনো যন্ত্রপাতি সংরক্ষণ করলেও প্রতিষ্ঠানটি আর সচল করতে পারেননি।

এর আগে ভূগোল ও পরিবেশ বিভাগের দু’জনশিক্ষক যথাক্রমে অধ্যাপক খোন্দকার মউদুদ এলাহী এবং অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম বিভিন্ন মেয়াদে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এর তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সাজেদ আশরাফ করিম বলেন, আর্থিক বরাদ্দ দেয়া হলে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা সম্ভব। এটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের শিক্ষার্থীরা উপকৃত হবে।