২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে আদিবাসী গ্রামে হামলা হচ্ছে’

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই পাহাড়ে আদিবাসী পাহাড়িদের ওপর বার বার হামলা হচ্ছে। এ--সবই করা হচ্ছে সেনা বাহিনী ও বাঙালি সেটেলারদের প্রত্যক্ষ মদদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

খাগড়াছড়ির তিনটি পাহাড়ি গ্রামে হামলার ঘটনায় শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। আদিবাসী অধিকার আন্দোলন, ঢাকাস্থ আদিবাসী নাগরিক সমাজ ও আদিবাসী ফোরাম সম্মিলিতভাবে এ সমাবেশের আয়োজন করে।

জনসংহতি সমিতির সহ--সভাপতি লক্ষ্মীপ্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্কার্স পার্টির হায়দার আকবর খান রনো, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপিকা সাদেকা হালিম, অধ্যাপক ড. রফিকুল্লাহ খান, বিশিষ্ট লেখক হায়াত মাহমুদ, অধ্যাপক ড. মোহাম্মাদ সামাদ, আদিবাসী ফোরামের উজ্জল আজিম, জগদীশ বর্মণ, পাহাড়ি ছাত্র পরিষদের হিরন্ময় চাকমা প্রমুখ।

এতে বক্তারা বলেন, খাগড়াছড়ির ওই ঘটনার নেপথ্য গডফাদার স্থানীয় এমপি ওয়াদুদ ভূঁইয়া। তিনিই ওই দুঃখজনক ঘটনার হুকুমের আসামি। তার নেতৃত্বে অতীতেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।

তারা আরো বলেন, পাহাড়ি জমি গ্রাস এবং পাহাড়ে বাঙালি সেটেলার ভোট নিশ্চিত করাই এসব পরিকল্পিত হামলার উদ্দেশ্য। বক্তারা অবিলম্বে এ ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।