সূত্রাপুরে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
নগরীর সূত্রাপুরে বৃহস্পতিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে এলাকার ত্রাস হিসেবে পরিচিত সন্ত্রাসী গুড্ডু নিহত হয়েছে।
তার পুরো নাম শামী আল আমিন ওরফে গুড্ডু (৩৭)। সে সূত্রাপুরের ১৬৫ লালমোহন সাহা স্ট্রিটের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গুড্ডুর বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার বিনয় সরকার বিনা হত্যার অভিযোগ রয়েছে।
সূত্রাপুর থানার এসআই তসলিম বলেন, তাকে ৪ মার্চ আটক করা হয়। এরপর তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়।
তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গুড্ডু তার অস্ত্র, চুরি করা গাড়ি ও সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে পুলিশ সেগুলি উদ্ধারে বের হয়।
এসআই বলেন, পুলিশ ১৪৫ লালমোহন সাহা স্ট্রিটে পৌঁছা মাত্রই তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়ের এক পর্যায়ে পুলিশ হেফাজত থেকে গুড্ডু পালানোর চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
ভোর ৪টায় তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
একটি পুত্র ও একটি কন্যা সন্তানের পিতা গুড্ডুকে সাদা পেশাকধারী একদল পুলিশ যাত্রবাড়ী এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করে।
