ঝড় বৃষ্টিতে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি বেসামাল
মওসুমের শুরুতেই বৃষ্টি আর ঝড়ে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীতে বিদ্যুৎ সংকটের ব্যাপকতা পুরো নগর জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। দিনে বিদ্যুৎ যাওয়া আসার খেলা নিত্যদিনের মত হলেও সন্ধ্যার ঝড়ের পর থেকে কোনো কোনো এলাকা এখন বিদ্যুৎহীন হয়ে পড়ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঝড়ে রাজধানীসহ সারা দেশে একাধিক ট্রান্সফরমার বিকল হয়েছে। বিভিন্ন স্থানে ছিঁেড় গেছে আবাসিক এলাকার সরবরাহ লাইন। ফলে এক এক এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি এক এক রকম আকার ধারণ করেছে।
প্রতিটি এলাকায় বুধবার দিনে গড়ে দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ ছিলনা। কোন কোন এলাকায় ৮/১০ ঘন্টা বিদ্যুৎ না থাকারও খবর পাওয়া গেছে।
সংশিèষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে ১১ কেভি ও ৪৪০ কেভি বিদ্যুৎ লাইন ছিড়ে গেছে। বিকল হয়ে গেছে একাধিক ট্রন্সফরমার। তবে জাতীয় গ্রিড লাইনে কোনো ক্ষতি হয়নি। ১১ ও ৪৪০ কেভি বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার বিকল হওয়ায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট বেশি হচ্ছে।
বৃষ্টির জন্যে বিদ্যুতের চাহিদা কমেছে। এজন্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, তাদের উৎপাদনে কোনো ঘাটতি নেই। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিন হাজার ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি নিয়মিত ইউনিট বন্ধ আছে। যার জন্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিট দুটি দুপুর ১টায় যান্ত্রিক ক্রটির কারণে বন্ধ হয়ে যায়। একই সাথে দীর্ঘদিন ধরে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫ নম্বর ইউনিটটি বন্ধ আছে। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিড লাইনে ৩৭৪ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ হচ্ছে।
পিডিবি কন্ট্রোল রুম সূত্র জানায়, আশুগঞ্জ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট দুটি বন্ধ হওয়ার এক ঘন্টা পর আবার তা চালু করা হয়েছে।
