২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের কাগজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশ বরেণ্য শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদদের উপস্থিতিতে দৈনিক আজকের কাগজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার উদযাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে আজকের কাগজের পক্ষ থেকে নিয়মিত পুরস্কার হিসেবে ‘কাগজ তরুণ কথা সাহিত্য পুরস্কার ২০০৬’ এবং ‘কাগজ সাহিত্য পুরস্কার ২০০৬’ প্রদান করা হয়।

কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম তার ‘দু’ বাংলার প্রেম ও প্রার্থনা’র গল্পের জন্য ‘কাগজ সাহিত্য পুরস্কার ২০০৬’ পেয়েছেন। সম্পাদক কাজী শাহেদ আহম্মেদ তার হাতে এক লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।

তরুণ সাহিত্যিক নাসিমা আনিস তার অপ্রকাশিত ‘মোহিনীর থান’ উপন্যাসের জন্য কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০০৬ পেয়েছেন। উপন্যাসের বিষয়বস্তু হিসেবে লেখিকা বেছে নিয়েছেন বঞ্চিত, নিগৃহীত প্রান্তিক জনগোষ্ঠী হিজড়াদের। তাদের পাওয়া, না পাওয়া, আশা-আকাঙ্খা, সুখ-দুঃখ এ উপন্যাসের উপজীব্য। আগামী বইমেলায় উপন্যাস প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানান।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসিমা আনিস বলেন, প্রতিটি লেখকেরই একটি স্বপ্ন থাকে। আজ সে স্বপ্ন পূরণের দিন।

আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহম্মেদ এসময় তার হাতে ২৫হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী  ও বিএনপি’র মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদ, বিকল্প ধারার নেতা মাহি বি চৌধুরী, রাশেদ খান মেনন, সাংসদ মোসাদ্দেক আলী ফালু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইখুল আরেফিন, ভারতীয় ডেপুটি হাই-কমিশনার সরজিৎ চক্রবর্তী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিডিনিউজের সম্পাদক রাশেদ চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক সাখাওয়াত হোসেন, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মিঞা, আব্দুল্লাহ আবু সাঈদ, ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।

এছাড়া সাহিত্যিক ও শিল্পীদের মধ্যে দেশের প্রধান কবি শামসুর রাহমান, কবি রফিক আজাদ, সাংবাদিক কামাল লোহানী, বিচারপতি কেএম সোবহান, নাট্যকার মামুনুর রশীদ, নাট্যকার চয়নিকা চৌধুরী, অভিনেতা মমতাজ উদ্দিন আহমেদ, শমী কায়সার, তিশা, মিম, গায়ক আসিফ, আইয়ুব বাচ্চু প্রমুখ।