২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে

বান্দরবান পার্বত্য জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে এই অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পায়। পাহাড়ে জুম চাষের কারণেও অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এক জরিপে দেখা গেছে, গত এক সপ্তাহে পৃথক ৪টি অগ্নিকাণ্ডের ঘটনায় এক আদিবাসী আগুনে পুড়ে মারা গেছে এবং কমপক্ষে ২০টি ঘর ভস্মিভূত হয়েছে।

রোববার রোয়াংছড়ি উপজেলার সিমন পাড়ায় এক অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। একই দিনে সদর ইউনিয়নের সিমন পাড়ার কাছে সৃষ্ট অগ্নিকাণ্ড মুহূর্তেই পাশের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা অতিরাম ও হাদিজান ত্রিপুরা লোকজন নিয়ে পাহাড় থেকে মধু সংগ্রহের জন্য মৌচাকে আগুন দিলে সেই আগুন বসতিতে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পাড়ার ব্যবসায়ীরা জানিয়েছেন।

এর আগে শনিবার শহরের কালাঘাটা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি বসতঘর পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ওয়ার্ড কমিশনার অজিত দাশ জানিয়েছেন। একই দিনে রুমা উপজেলার হেডম্যান পাড়ায় অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি বসত ঘর ভস্মিভূত হয়েছে।

এছাড়া শুক্রবার রুমা উপজেলার বড়থলী পাড়ায় পাহাড়ে জুম চাষের জন্য আদিবাসী বৃদ্ধ রঞ্জন তঞ্চঙ্গ্যা গাছপালায় আগুন দিয়ে জঙ্গল পরিস্কার করার সময় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

স্থানীয়রা জানায়, শুষ্ক মৌসুমে এই অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পায়। কাঁচা ও শনের তৈরি ঘর হওয়ায় আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বসত ঘরে।

গ্রীষ্ম মৌসুমে ঝিরি-ছড়া ও নদী-খালে পানি কমে যাওয়ায় লোকজন আগুন নেভানোর কাজে পানি না পাওয়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে তারা জানায়।

স্থানীয়রা অভিযোগে জানায়, বান্দরবান দেশের অন্যতম বৃহৎ জেলা হলেও ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে মাত্র একটি। লামা ও আলীকদম উপজেলায় জেলার অর্ধেকের মত জনগণ বসবাস করলেও সেখানে নেই কোন ফায়ার স্টেশন।