২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মৌসুমের প্রথম কালবৈশাখীর আঘাত

রাজধানী ঢাকায় মঙ্গলবার সন্ধ্যায় মৌসুমের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। কালবৈশাখীর আঘাতে নগরীতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়ে। তাদের সেখানে দীর্ঘ সময় আটকে থাকতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আকস্মিক বজ্রপাতে ক্যান্টনমেন্ট এলাকায় একজন সৈনিকের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌণে ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হয়। দক্ষিণ - পশ্চিম দিক থেকে এ কালবৈশাখী ঝড়ো হাওয়া আঘাত হানে।

কালবৈশাখীর প্রভাবে এ সময় নগরীতে প্রায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় আরো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

আবহাওয়া দপ্তর জানায়, আগামীকালও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আকাশ প্রায় সার্বক্ষনিক মেঘলা থাকবে।

এ সময় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কালবৈশাখীর সম্ভাবনা থাকায় দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যানবাহনের জন্যে এক নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারদিক অন্ধকার করে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় নগরীর বিভিন্ন এলাকায় ভারী যানবাহনগুলো চলাচল বন্ধ করে দেয়। যানবাহনের চালকরা নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে বসে থাকে। তবে হাল্কা যানবাহনগুলো এ সময় চলাচল করে।

ঝড় ও বৃষ্টি চলাকালে ক্যান্টনমেন্ট এলাকার প্যারেড গ্রাউন্ডে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সেনাবাহিনীর এক সৈনিকের মৃত্যু হয়।

অফিস শেষে ঘররমুখো মানুষ পথে বেরিয়ে বজ্রসহ বৃষ্টির কারণে বিভিন্ন অফিস, দোকানপাট বা বাসাবাড়ির বারান্দায় আশ্রয় নেন। ঝড়ো হাওয়া কমে যাওয়ার পর অনেকেই ভিজেই নিজ নিজ গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন।

তবে রাত ৮টার পর ঝড় ও বৃষ্টি থেমে গেলে ঘরে ফেরা মানুষ গন্তব্যের দিকে ছুটতে শুরু করেন। এ সময় বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে যায়।