মেহেরপুরে পুলিশের এনকাউন্টারে ডাকাত সর্দার নিহত (আপডেটেড)
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবাভাটপাড়া মাঠে মঙ্গলবার ভোরে পুলিশের এনকাউন্টারে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
নিহত ডাকাত সর্দারের নাম মোহাম্মদ আমজাদ আলী (৪২)।
পুলিশ জানায়, গাংনী উপজেলার খড়মপুর গ্রামের ডাকাত সর্দার আমজাদকে সোমবার রাতে তার বাড়ী থেকে আটক করা হয়।
তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আমজাদকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কসবাভাটপাড়া মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের গুলি বিনিময়ের আমজাদ পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে মেহেরপুর সদর হাসপাতালে নেয়ায় পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, এক রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধা করে।
এর আগের খবরে অবশ্য জানানো হয়েছিল যে, ভৈরব নদীর তীরে যাদবপুরে ব্রীজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণে ডাকাত সর্দার আমজাদ নিহত হয়।
