বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় ৪ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে দেওয়া সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা না মানায় দেশের সর্বোচ্চ আদালত সোমবার সরকারের শীর্ষস্থানীয় চারজন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান ও অর্থ সচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তিন সপ্তাহের মধ্যে তার জবাব দিতে সুপ্রিম কোর্ট সোমবার তাদের প্রতি নির্দেশ দেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেনের সভাপতিত্বে বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গড়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রুলটি জারি করেন।
মাজদার হোসেন মামলার প্রকৃত আবেদনকারী ও কিশোরগঞ্জের শিশু ও নারী নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের বিচারক চৌধুরী মুনির উদ্দিন মাহফুজের পক্ষে মামলার ইন্টারভেনার ব্যারিস্টার আমির - উল - ইসলামের দায়ের করা আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালতে শুনানি শেষে এ রুল জারি করা হয়।
মাজদার হোসেন মামলা বলে অধিক পরিচিত বিচার বিভাগ পৃথকীকরণে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা নির্দেশনা বিভিন্ন সময়ে লঙ্ঘনের অভিযোগে সরকারের শীর্ষ ১০ কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১ মার্চ নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক আইন সচিব আসাদুজ্জামান ও বিচারপতি আফজাল হোসেন আহমেদ, বর্তমান ও সাবেক সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান ও এএসএম আব্দুল হালিম (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব), সাবেক ও বর্তমান স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন ও আনোয়ারুল বার চৌধুরী, বর্তমান ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান ও জাকির আহমেদ খান।
সোমবার আদালতে শুনানির সময় অভিযুক্ত সরকারি কর্মকর্তারা সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন - যুগ্ম সংস্থাপন সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মোঃ আব্দুর রব হাওলাদার, উপ সচিব মোঃ আবুল কালাম চৌধুরী ও সিনিয়র সহকারি সচিব মোঃ খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপ সচিব শফিকুল ইসলাম।
আদালতে আবেদনকারীর পক্ষে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমির - উল - ইসলাম, সরকারের পক্ষে অ্যটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান ও ফিদা এম কামাল এবং অভিযুক্ত নয় সরকারি কর্মকর্তার পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ আদালতে মামলা পরিচালনা করেন।
