দেশের প্রধান ৫টি দৈনিক পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চীফ হুইপ
জাতীয় সংসদের ক্যাফেটরিয়া থেকে নিজ বাসায় চাল ডাল নেয়া সংক্রান্ত প্রকাশিত খবরে ক্ষুব্ধ হয়ে পাঁচটি জাতীয় দৈনিকের বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন।
রোববার ঢাকার সিএমএম আদালতে চীফ হুইপ হাজির হয়ে জাতীয় ওই পাঁচটি দৈনিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলো দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম, রিপোর্টার আশিস সৈকত ও কলাম লেখক বিগ্রেডিয়ার (অব:) হাফিজউদ্দিন খান। জনকন্ঠ’র সম্পাদক আতিকুউল্ল্যাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক বোরহান উদ্দিন। যুগান্তরর এর সাবেক সম্পাদক আবেদ খান, প্রকাশক সালমা ইসলাম ও সংশ্লিষ্ট একজন প্রতিবেদক। সংবাদ’র সম্পাদক বজলুর রহমান ও একজন প্রতিবেদক এবং আজকের কাগজে’র প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ ও একজন সংশ্লিষ্ট প্রতিবেদক।
মামলার আরজিতে বলা হয়েছে, দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৩, ১৪, ১৬ ও ১৮ মার্চ “চীফ হুইপ দুই বাসায় চাল ডাল নেন সংসদ থেকে”, “মুখ খুললেন চীফ হুইপ”, “চীফ হুইপের নির্বাচন ব্যয়” শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। ১৪ মার্চ “দুই পুত্রের পর এবার খোদ চীফ হুইপের বিরুদ্ধেই টাকা ও পণ্য সামগ্রী গ্রহণের অভিযোগ” শিরোনামে দৈনিক জনকন্ঠে এবং একই তারিখে যুগান্তরে “চীফ হুইপের বাসায় চাল ডাল দেওয়ার নির্দেশে তোলপাড়” শিরোনামে, দৈনিক সংবাদে ১৮ মার্চ “পচে যাওয়া সংসদে গরম মশলা” শিরোনামে এবং দৈনিক আজকের কাগজ পত্রিকায় ১৫ মার্চ “আলোচনায় বাপ বেটা, দুইটি বাসার জন্য দুই ফর্দে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্যাফেটরিয়া থেকে সরবরাহ করা হয়” শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয় যা বানোয়াট ও মানহানিকর।
