২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ইতিহাস গবেষণা কেন্দ্র: শিক্ষক কোন্দলে পিছিয়ে গেছে ১৮ বছর!

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস গবেষণা কেন্দ্র শিক্ষকদের দ্বন্দ্বের কারণে দীর্ঘ ১৮ বছরেও প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

অনুসন্ধানে জানা যায়, কে কে বোর্ড অব গর্ভনেন্সর সদস্য  হবেন -- এ নিয়ে শিক্ষকদের কোন্দলের কারণে মূলতঃ ওই কেন্দ্রটি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ঢাবি কর্তৃপক্ষ সম্প্রতি আবারো ওই উদ্যোগ নিলে শিক্ষকদের মধ্যে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

জানা যায়, দেশের সামাজিক, রাজনৈতিক ইতিহাস রচনার উপাদান সংরক্ষণ এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠি যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, এ লক্ষ্যে ১৯৮৮ সালে আগস্টে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভা থেকে ঢাবি ইতিহাস গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এতে গবেষণা কেন্দ্র, দলিল সংরক্ষণাগার এবং জাদুঘর থাকার কথা।

সে সময় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, এ কেন্দ্রের বোর্ড অব গভর্নেন্সের সদস্য হন কলা অনুষদের তৎকালীন ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, ইতিহাস বিভাগের চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড.এমআর তরফদার, বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কেএম সাদউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির উদ্দিন খান মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. পারভীন হাসান।

কিন্তু তখন কয়েকজন জুনিয়র শিক্ষককে ওই বোর্ড অব গভর্নেন্সের সদস্য করায় সিনিয়র শিক্ষকরা আপত্তি তোলেন। ফলে কোনো গবেষণার কাজ তো হয়ইনি, এমনকি কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগও থমকে যায়।

প্রস্তাবিত ওই কেন্দ্রের লক্ষ্য মূলত গবেষণা করা হলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো,  বাংলা ও ইংরেজীতে এর দুটি মুখপত্র এবং দেশী -- বিদেশী গবেষকদের রচনাবলী নিয়মিতভাবে প্রকাশ করা।

সর্বশেষ ২০০৫ সালের সিনেট অধিবেশন থেকে উপাচার্য এসএমএ ফায়েজ অধ্যাপক মুনতাসির মামুনকে কেন্দ্রের পরিচালক করে গবেষণা কেন্দ্রের কাজ শুরু করার নির্দেশ দেন।

এ বছর জানুয়ারিতে এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের প্রথম সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের পরিচালক অধ্যাপক মুনতাসির মামুন ছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. পারভীন হাসান, অধ্যাপক আনিসুজ্জামান।

সভা সূত্র জানায়, এতে অধ্যাপক সদরুল আমিন দাবি করেন, ইতিহাস বিভাগের একাডেমীক কমিটির সদস্যরাই কেন্দ্রের বোর্ড অব গভর্নেন্সের সদস্য হবেন। এমন দাবির পর সভার কাজ আর এগোতে পারেনি।

কিন্তু সূত্র মতে, ওই দাবি মেনে নেওয়া হলে গবেষণা কাজ দলীয়করণ হতে পারে।

অধ্যাপক মুনতাসির মামুন বিডিনিউজকে বলেন, সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সদস্যদের নিয়ে কেন্দ্রের কাজ পরিচালনা করতে অধ্যাপক সদরুল আমিনের আপত্তি রয়েছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে আমি কেন্দ্রের কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছি।

অন্যদিকে অধ্যাপক ড.সদরুল আমিন বিডিনিউজকে জানান, বিভাগীয় একাডেমিক কমিটির সদস্যরা যাতে কেন্দ্রের সদস্য হতে পারে, এ জন্য তিনি উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এর কাছে প্রস্তাব দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বিডিনিউজকে বলেন, অধ্যাপক মুনতাসির মামুনের আগ্রহ থাকার জন্যই তাকে কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমার সাথে যোগাযোগ না করে কিছুতেই ওনার কেন্দ্রের বিষয়ে আগ্রহ হারানো সমুচিত হবে না।

বিশ্ববিদ্যালয় বাজেটে এ  কেন্দ্রের জন্য প্রতিবছর নিয়মিত বরাদ্দ দেওয়া হয়। ১৯৮৮ -- ৮৯ অর্থবছর থেকে ২০০৫ -- ০৬ অর্থবছর পর্যন্ত এ কেন্দ্রের নামে ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সূত্র জানায়, বরাদ্দকৃত টাকা যেসব খাতে ব্যয় হয়না, সেসব টাকা অন্য জরুরি খাতে খরচ করার নিয়ম রয়েছে।

জানা যায়, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম ২০০০ সালে অবসর নেওয়ার পরও বিশ্ববিদ্যালয় ডায়েরীতে আর্কাইভস ও ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে তার নাম রয়েছে।