চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৮
চট্রগ্রামের চাঁন্দানাইশ উপজেলায় শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে ধাক্কা দেওয়ায় কমপক্ষে দুই জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চট্রগ্রাম--কক্সবাজার মহাসড়কের বাদুরাপাড়া এলাকায় দুপুর একটার দিকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যাত্রী এবং আহত অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিসুর রহমান নামে অপর এক যাত্রীর মৃত্যু হয়।
আহতদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।
