সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে যুবতী হত্যা
সাভারে মুখোশ পরিহিত অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা ধর্ষণ করতে ব্যর্থ হয়ে, লাভলী বেগম (২৮) নামে এক যুবতীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। সাভারের ফুলবাড়িয়ার রামচন্দ্রপুর এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে লাভলী ও তার বান্ধবী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে, ওঁত পেতে থাকা কালো মুখোশধারী সন্ত্রাসীরা তাদের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রারীরা ধর্ষনে ব্যার্থ হয়ে লাভলীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, লাভলী বেগম ও তার বান্ধবী গোলাপী বেগম দেড় মাস ধরে রামচন্দ্রপুর এলাকার কবীর হোসেন বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। এলাকার কয়েকজন বখাটে যুবক তাদের উত্যক্ত করত। এঘটনায় তারা এলাকার কয়েকজনের কাছে বেশ কয়েকবার অভিযোগও করে।
নিহতের বান্ধবী গোলাপী বেগম এঘটনায় বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
