২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী ১৪ দলের ঘেরাও কর্মসূচি ঠেকাতে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা বলয়

বিরোধী ১৪ দলের পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি ঠেকাতে বাংলাদেশ সচিবালয়ের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই আগামী ২৪ ঘন্টার জন্যে অর্থাৎ বৃহস্পতিবার মধ্য রাত পর্যন্ত সচিবালয় এলাকার আশেপাশে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। 

বিরোধী দলকে মোকাবেলা করতে র‌্যাব, এসবি, ডিবি এবং বিডিআরসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকার বাইরে থেকে আনা হয়েছে অতিরিক্ত তিন হাজার পুলিশ।

সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র সচিবালয় এলাকার ওপর বিশেষ দৃষ্টি রাখা হবে। সচিবালয়ের প্রতিটি পয়েন্টে সিসিটিভি, বাইনোকুলারসহ বিভিন্ন সরঞ্জাম বসানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সচিবালয়ের ভিতরে ও বাইরে র‌্যাব, ডিবি, সিআইডি ও এসবি টহল দিচ্ছে।

এদিকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দৃষ্টি রাখতে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে।

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা যথেষ্ঠ ব্যবস্থা নিয়েছেন।

বিডিআর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই ওই এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি আরো বলেন ডিএমপিকে সাহায্য করতে ঢাকার বাইরে থেকে আরো তিন হাজার পুলিশ সদস্য আনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন গুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা তল্লাশী চালাচ্ছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, সচিবালয় সরকারের কেন্দ্র বিন্দু। এর নিরাপত্তায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

তিনি আরো বলেন, সচিবালয় রক্ষায় এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় আমরা এর আশেপাশে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছি। আমরা আশা করব বিরোধী দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বিডিনিউজকে বলেছেন তারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করবেন। কিন্তু যদি কোনো বাধা আসে তাহলে সেখানেই অবস্থান করে ঢাকা অচল করে দেওয়া হবে।